জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ‘স্পষ্ট ব্যাখ্যা’ না পাওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোট এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। এসব বিষয়ে সরকার সুস্পষ্ট ব্যাখ্যা দিলে আমরা সনদে স্বাক্ষর করবো।”


গণভোটের জন্য সরকার প্রস্তাবিত চার-প্রশ্নের প্যাকেজে নির্দিষ্টতার ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, “এ থেকে ডি পর্যন্ত প্রতিটি পয়েন্টই পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে।”


তিনি অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের পরিবর্তে সরকার পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে কীভাবে অনুষ্ঠিত হবে— সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই।”


তিনি আরও যোগ করেন, “প্রথমত, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত, সংস্কার প্রক্রিয়া ও গণভোট কোনো রাজনৈতিক দলের ভোটব্যাংক রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।”


তুন সনদ আইনি বৈধতা পেলেও এখনো নৈতিক বৈধতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। দুই প্রধান রাজনৈতিক দলের আচরণের কারণে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সনদ বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন পাটওয়ারী।


এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এখনো অস্পষ্ট, ফলে এটি পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা— তা অনিশ্চিত।”


তিনি আরও বলেন, “গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আর তাদের ভিন্নমতকে অযথা গুরুত্ব দেওয়া হয়েছে।”


এনসিপির আরেক নেতা মন্তব্য করেন, “বর্তমান পরিস্থিতি এমন যে, ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থানুযায়ী ধারাগুলো ব্যাখ্যা করে তা বাস্তবায়ন করতে পারবে।”